জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগ দুপুর ১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। এরপর উভয় বিভাগে আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের রাজনীতি, আইন অঙ্গন ও সংসদীয় গণতন্ত্রে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।