Image description

সন্ত্রাসী স্টাইলে আর রাজনীতি চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। তিনি বলেছেন, দলের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং কিংবা মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

 

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী জসিম উদ্দিন জসিম বলেন, আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। আমি সেই দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সেবামূলক রাজনীতি করার আহ্বান জানাই সবাইকে।

 

আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ চোরাচালান, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ শান্তিপ্রিয়। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।