আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর। এবারের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নিজেই এই তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেইনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেছেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা তাদের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এ ছাড়া এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও তৈরি করে দেওয়া হবে।
এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো- মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।
যদিও মাঠের লড়াই ১৮ জুলাই থেকে শুরু হবে, তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়াবোদ্ধারা।