Image description

জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে দুটি পাইপগান, গুলি, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচ রাস্তা এলাকায় অবস্থিত জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান মনিরের চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান মনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেও জানা গেছে।

পুলিশ জানায়, অভিযানে দুটি পাইপগান, পাইপগানের গুলি, চারটি ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল, ছয়টি পেট্রোলবোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।