দেশের স্বার্থে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে শক্তিশালী ও কার্যকরভাবে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন সংস্থাটির সদ্য বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোতাহার হোসেন।
সোমবার (৬ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দুদকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের স্বার্থে এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে।
পদোন্নতিজনিত বদলির কারণে যুব উন্নয়ন অধিদপ্তরে যোগদান উপলক্ষে মো. মোতাহার হোসেনকে সংবর্ধনা দেয় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসার সভাপতি ও দুদকের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ কালামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. মোকাম্মেল হক বলেন, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩ কোটি যুবক রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরে দায়িত্ব পালনের সময় মো. মোতাহার হোসেন যদি দুদকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে পারেন, তাহলে দুদকের প্রতিরোধমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যুবসমাজকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে পারলে দুদকের প্রতিরোধ শাখার কাজ অনেকটাই সহজ হবে।
এ সময় দুদকের মহাপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী, আব্দুল্লাহ আল জাহিদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে মো. মোতাহার হোসেনকে বিদায় জানান।
শীর্ষনিউজ