Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাস্তার পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে একটি কার্টনের ওপর শুইয়ে রাখা হয়েছিল। পাশে মাটিতে গেঁথে রাখা একটি বাঁশের কঞ্চিতে ঝুলছিল স্যালাইনের ব্যাগ। স্যালাইন চলছিল নবজাতকের শরীরে।

আজ সোমবার ভোরে ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকার জিএস সোয়েটার কারখানার ফটকের সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মিজান আলী ও রাসেল মিয়া নামের দুই ব্যক্তি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা রাস্তার পাশে কার্টনের ওপর শুয়ে থাকা শিশুটিকে দেখতে পান। তাদের হাঁকডাকে জড়ো হন এলাকাবাসী।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ বাবু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্যালাইনের ব্যাগে ‘শিরিন+বশির’ নাম লেখা ছিল। তবে কে বা কারা এবং কী পরিস্থিতিতে নবজাতকটিকে সেখানে রেখে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

রাসেল মিয়া বলেছেন, ‘নবজাতকের একটি পা কিছুটা বাঁকানো মনে হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য নুরুল হাসান তপু জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন এলাকাবাসীকে।

বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেছেন, ‘শিশুটির জীবন বাঁচানোই ছিল আমাদের প্রথম কাজ। বর্তমানে সে সুস্থ।’

মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই লালন ফকির আগামীর সময়কে জানিয়েছেন, ‘ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’