রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিতাংশের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিলে এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানিয়েছেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।
তিনি বলেন, এর আগে জানুয়ারি থেকে পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ট্রেন চলাচল শুরু হবে। নিয়মিত যাত্রীসেবার সময় শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে এই পরীক্ষামূলক চলাচল পরিচালিত হবে। দেশের প্রথম মেট্রোরেল রুট হিসেবে পরিচিত লাইন-৬-এ এই কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ পুরো সম্প্রসারণকাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্যকাজ এবং প্রবেশ ও বাহির পথ নির্মাণের কাজ চলছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত কমলাপুর স্টেশনের সব পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ শেষ হয়েছে।
এছাড়া কমলাপুর স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগিরই স্থাপনের জন্য আনা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজও শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্টেশনের প্রবেশ ও বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশে রঙের কাজ বর্তমানে চলমান রয়েছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টি সেগমেন্টের কাস্টিংয়ের কাজ শেষ হয়েছে।
রাজধানীর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।