স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি কয়েক দিন আগে বলেছিলাম, ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামায়াতে ইসলামীও ইসলাম না। ফখরুল ভাই আমার ওপর একটু মাইন্ড করেছেন।
রবিবার (২৮ জুন) রাতে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন, আজকাল ফতোয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যেতে হবে—সংসদে।
তিনি বলেন, ‘আমি বলেছিলাম জামায়াতে ইসলামী মানে ইসলাম না। ইসলাম ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি কালকে বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামী দল এবং জামাআতে ইসলামীকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। মাননীয় স্পিকার, ঘাঁটাঘাঁটি করে দেখলাম জামাআতে ইসলামীর জন্মই হয়েছে ১৯৪১ সালের ২৬ আগস্ট মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ-ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এর জন্ম।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১৯৪৭ সালে দেশভাগের পর জামায়াতে ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। আপনাদেরটা তো অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো, জামায়াতে ইসলামী পাকিস্তান, জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী বাংলাদেশ—কয়েক দিন আগে আপনারা বাংলাদেশ শব্দটা আগে এনেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আপনারা তো ইতিহাস বলছে বলেছেন, ১৯৪৭-এর সময়ে আপনারা পাকিস্তান চাননি। এটা ঐতিহাসিকভাবে ভুল হতে পারে। এখন ১৯৭১-এ ফের আপনারা বাংলাদেশ চাননি। আবার ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াতে ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন।’