Image description

কক্সবাজারের উখিয়ায় ২৪ দিন ধরে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। তবে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব। উদ্ধার হওয়া ব্যক্তি মো. ইমতিয়াজ আলম (৫২)। তিনি নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।

আজ রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১৫।

র‍্যাব জানায়, গত ৪ জুন রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে। পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন আস্তানায় ধারাবাহিক অভিযান চালায়। টানা অভিযানে অপহরণকারীরা ইমতিয়াজ আলমকে ছেড়ে দিতে বাধ্য হয়। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সুস্থ অবস্থায় উখিয়া থানার পানবাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অপহরণ চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত।