Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে এক নারীর বাড়িতে যাওয়ার সময় স্থানীয়দের হাতে একটি মসজিদের ইমাম আটক হয়েছেন। পরে সালিশ বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী শানু বেগমের বাড়িতে প্রবেশের সময় স্থানীয়রা আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ বৈঠকে বসেন।

স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামীর মৃত্যুর পর থেকেই ইমাম মো. সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় আলোচনা চলছিল। ঘটনার রাতে তাকে বাড়িতে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন।

এ বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, গত দেড় মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল এবং সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি ওই বাড়িতে যান।

অন্যদিকে শানু বেগম বলেন, তাদের মধ্যে সম্পর্ক রয়েছে এবং তিনি তাকে বিয়ে করতে চান।

পরে সালিশ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর ইমাম সেলিম নববধূকে নিজের বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানান।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, উভয় পক্ষের সম্মতি ও সামাজিক সমঝোতার ভিত্তিতেই বিষয়টির সমাধান করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি জানা গেছে, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ/