Image description

বগুড়া শহরে কাচ্চি ডাইন নামে একটি রেস্তোরাঁর রান্নাঘর ও স্টোররুমে ইঁদুরের মলমূত্র পেয়েছে প্রশাসন। এ ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া মহানগরের ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্তোরাঁয় অভিযান চালানো হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

 

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় রেস্তোরাঁটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, খাদ্য তৈরির উপকরণ ও সরঞ্জাম সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। কাঁচা মাছ ও মাংসের সঙ্গে টক দই এবং বিভিন্ন মসলাজাতীয় খাদ্য একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল।

 

এ ছাড়া নষ্ট ও ছত্রাকযুক্ত (ফাঙ্গাস) বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুত করতে দেখা যায় বলে জানিয়েছে অধিদপ্তর। অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর ও টিকটিকির বিচরণও দেখা যায়। বিভিন্ন খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সরঞ্জামেও ইঁদুরের মলমূত্র পাওয়া যায়।

 

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানের সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-১২ এবং জেলা পুলিশের একটি দল।