Image description

ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজের’ সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটি।

শনিবার (২৭ জুন) পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এক বিজ্ঞপ্তিতে জিও নিউজের লাইসেন্স ও সম্প্রচার স্থগিতের এই সিদ্ধান্ত জানায়।

পেমরা জানিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কর্পোরেশন (প্রা.) লিমিটেডের জিও নিউজের স্যাটেলাইটসহ সকল বিতরণ নেটওয়ার্ক এবং প্ল্যাটফর্মের সম্প্রচার আগামী ১৫ দিন বন্ধ থাকবে।

নিয়ন্ত্রক সংস্থার মতে, জিও নিউজে ১০ মহররমে ‘সফর-ই-ইশক’ শিরোনামের একটি অনুষ্ঠান প্রচার হয়। এতে বিতর্কিত ‘ধর্মীয় ভিজ্যুয়ালাইজেশন’ বা ধর্মীয় চিত্রায়ণ দেখানো হয়েছিল। পেমরা বলেছে, এই কনটেন্টের কারণে দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে এবং সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

পেমরা বিষয়টি তাদের ‘কাউন্সিল অব কমপ্লেইন্টস’ (অভিযোগ পরিষদ) বিভাগে পাঠিয়েছে, যারা এ বিষয়ে পর্যালোচনা ও শুনানি শেষে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে।

একইসঙ্গে জিও নিউজকে এই ঘটনা ও সম্পাদকীয় নজরদারির ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ফলাফল এবং আগামীতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া ব্যবস্থার কথা শুনানিতে অভিযোগ পরিষদের কাছে জমা দিতে বলা হয়েছে।