নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে। ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকার দুই জায়গায় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ের নাম থাকা নিয়ে সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
রোববার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৮ জুন থেকে কার্যকর বলে গণ্য হবে।
এর আগে, সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের কন্যার নাম দুই জায়গায় থাকার ঘটনা ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। কিন্তু তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।