Image description

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (২৭ জুন) অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

এদিকে শুক্রবার রাতে প্রকাশিত সারা দেশের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শীর্ষনিউজ