Image description

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে ঘটে এ ঘটনা। নিহত তরুণের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের বলেছেন, ‘তাজিয়া মিছিলের সঙ্গেই ছিল ওই যুবক। কয়েকজন মিলে ধাওয়া দিয়ে নিয়ে যায় তাকে। পরে নির্মাণাধীন ভবনের নিচে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।’

তিনি জানিয়েছেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেছেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।