শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ে না, তাদের শিক্ষকতার কোনো অধিকার নেই। শিক্ষককে তাদের ছাত্রদের অবশ্যই নিজের সন্তান মনে করতে হবে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সব শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কেন্দ্র প্রধান সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করবেন। এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ আটক করবে।’
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এবং দিনাজপুরে অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভাটি আয়োজন করা হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন প্রমুখ।