Image description

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিক মিছিল করেছেন।

 

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার নারান্দিয়া এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

মিছিলের আয়োজকদের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা যায়, সংগঠনটির নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের ‘লও লও লও সালাম, শেখ শেখ শেখ মুজিব’, ‘আইতাছেরে আইতাছে, শেখের বেটি আইতাছে’ এবং ‘পূর্বধলার মাটি, জুয়েল ভাইয়ের ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

 

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বলেন, মিছিলের ভিডিওটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।