Image description

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের স্মারক ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে তুলছে নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা যে বল দিয়ে বিতর্কিত গোলটি করেছিলেন, সেটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার।

ম্যারাডোনার হাত দিয়ে করা সেই গোলটি পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায় এবং ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হয়।

হেরিটেজ অকশন বলটিকে সংগ্রাহকদের জন্য ‘পবিত্র গ্রেইল’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির আশা, ২০২২ সালে ম্যারাডোনার জার্সি ৯ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রির যে রেকর্ড হয়েছিল, এই বলটির মূল্যও সেটি ছাড়িয়ে যেতে পারে।

হেরিটেজ অকশনের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে বলেন, এটি ফুটবল ইতিহাসের একেবারেই অনন্য একটি স্মারক। এমন সংগ্রহযোগ্য বস্তু খুব কমই রয়েছে।

বিশ্বকাপকে ঘিরে ফুটবল স্মারক সামগ্রীর বাজারেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের স্মারক, ট্রেডিং কার্ড এবং অন্যান্য সংগ্রহযোগ্য সামগ্রীর মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মাইক প্রোভেনজালের মতে, বড় টুর্নামেন্টগুলো খেলোয়াড়দের স্মারকের বাজারমূল্যে তাৎক্ষণিক প্রভাব ফেলে। তাই সংগ্রাহক ও বিনিয়োগকারীদের নজর এখন এমন ফুটবলারদের দিকে, যারা বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

শীর্ষনিউজ