Image description

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জীবিত থাকা শিশু সিফাতের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা শাখা।


বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

 

তিনি বলেন, রায়পুরের মর্মান্তিক এ ঘটনায় পরিবারটির একমাত্র জীবিত সদস্য সিফাতের সার্বিক দায়িত্ব লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী গ্রহণ করেছে। তার শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় দেখভালের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

জেলা জামায়াতের আমির আরও বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো জেলাবাসী শোকাহত। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সিফাতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, সম্প্রতি রায়পুরে এক মর্মান্তিক ঘটনায় মা ও তার তিন মেয়েকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।