Image description

দৈনিক কালের কণ্ঠ আয়োজিত কালের সংলাপ শীর্ষক এক টক-শোতে সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজীজ দাবি করেন ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নিহতের পর পাকিস্তান, সৌদি আরব সহ ইসলামিক দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

টক-শো এর ১৯ মিনিট ২ সেকেন্ডে তাকে বলতে শোনা যায়, “১৫ আগস্ট ১৯৭৫ এ বঙ্গবন্ধু নিহত হবার পর পর আপনার পেয়ারের পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিল। ওই সন্ধ্যাতেই সৌদি আরব সহ ইসলামিক দেশগুলো স্বীকৃতি দিল।” 

বক্তব্যটি দেখুন এখানে

দ্য ডিসেন্ট এর যাচাইয়ে মাহবুব আজীজের দাবির সত্যতা পাওয়া যায়নি। যাচাইয়ে ২৩ ফেব্রুয়ারী ১৯৭৪ সালের দৈনিক ইত্তেফাক এর “বাংলাদেশ-পাকিস্তান পারস্পারিক স্বীকৃতি” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিনা-শর্তে স্বীকৃতি প্রদান করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর স্বীকৃতির কথা ঘোষণার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে বাংলাদেশের স্বীকৃতিদানের কথা ঘোষণা করেন। 

অন্যদিকে সৌদি আরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় যাচাইয়ে Bangladesh Observer এর ১৭ আগস্ট ১৯৭৫ এর “Soudi Arabia, Sudan recognise Bangladesh” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ রয়েছে, “RIYADH, Aug. 16:-Saudi Arabia and Sudan accorded recognition to Bangladesh and its new Government. The an Government. The announcement, was made here today, report Reuter, BSS.”

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের Center for Advanced Research in Social Science এর ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধ ‘বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কঃ ১৯৭১-১৯৭৫’ এর ২য় পেজে উল্লেখ রয়েছে, “১৯৭৫ সালের ১৫ আগষ্ট শেখ মুজিবের হত্যাকান্ড এবং তাঁর সরকারের পতনের পর ঐদিনই পাকিস্তান সরকার খন্দকার মোশতাক সরকারকে স্বীকৃতি দেয় এবং পরের দিন সৌদি আরব বাংলাদেশ ও নতুন সরকারকে স্বীকৃতি দেয়।”

‘সময়ের আলো’র ওয়েবসাইটে ১৩ মে, ২০১৯ এ প্রকাশিত “সৌদি আরব যেদিন বাংলাদেশকে স্বীকৃতি দেয় -একটি ইতিহাস! :বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শিরোনামে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “সৌদি আরব যেদিন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সেদিন বঙ্গবন্ধুর জানাযা পড়া হচ্ছে এদেশে, ১৬ই আগষ্ট ১৯৭৫।”

উল্লেখ্য, ১৯৭২ সালের ২৬ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরে “অবশেষে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার স্বীকৃতি” শিরোনামে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই দুটি দেশ ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব মুসলিম দেশ। ৯ জুলাই ১৯৭২ সালে ‘দৈনিক ইত্তেফাক’ এ “ইরাকের স্বীকৃতি” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি দেখুন এখানে

এছাড়া ১৯৭২-১৯৭৪ সালের মধ্যে আরও অনেক মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আফগানিস্তান, তুরস্ক, মিশর, আলজেরিয়া, লেবানন, লিবিয়া এবং ইরান।