সংসদে কথা বললে নির্বাচনী এলাকায় বাজেট বরাদ্দ বন্ধ করে দেওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ জন্য তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের ‘প্রটেকশন’ দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ সংসদ অধিবেশনের বাজেট অধিবেশনের ১৫তম দিনে বাজেট আলোচনাকালে তিনি এমন কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আবার দেখতে পাচ্ছি, আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হচ্ছে। একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক, ওনাকে জেলে নেওয়া হয়েছে।
স্পিকারকে সম্বোধন করে তিনি বলেন, আমি আপনার প্রটেকশন দাবি করছি। কারণ আমরাও বলতে ভয় পাই। কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, কোনো প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দেয়া বন্ধ করে দিবে না— সেটার কিন্তু নিশ্চয়তা নাই। সে কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়।
সংসদে অনুমতি নিয়ে কখনো বিরোধিতা হয় না উল্লেখ করে তিনি বলেন, কখনো অনুমতি নিয়ে আমি আপনার বিরোধিতা করতে চাই না।