Image description

নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টায় শূন্যরেখায় আটকা পড়া ৯ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাইট বন্ধ করে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সারাদিন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান করছিল ৯ জন। তবে বৃহস্পতিবার সকালে তাদের কোনো অবস্থান ও চলাচল দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়ে গেছে।

 

এদিনে পুশইন চেষ্টার পর নওগাঁর সীমান্ত এলাকায় সতর্কতা বাড়িয়েছে বিজিবি। জেলার প্রতিটি সীমান্ত চৌকিতে (বিওপি) টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা বিওপির ২৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের সহায়তায় ওই চেষ্টা প্রতিহত করে বিজিবি।

প্রসঙ্গত, গত ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।