বিশ্বের বিভিন্ন প্রান্তের এক হাজার মুসলিমকে নিজের খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এই বিশেষ সুবিধার অর্ন্তভুক্ত থাকবেন নারীরাও। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন অনুসারে, সৌদি বাদশা সালমানের ঘোষিত ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত এক হাজার মুসল্লি এই বিশেষ আতিথেয়তা লাভ করবেন।
১৪৪৮ হিজরিতে চার ধাপে পরিচালিত হবে এই কর্মসূচি। প্রথম পর্বে অংশ নেবেন এশিয়ার ১৬টি দেশ থেকে ২৫০ জন ওমরাহ পালনকারী।
দেশগুলো হলো ইন্দোনেশিয়া, পূর্ব তৈমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।
এ উপলক্ষে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী ও কর্মসূচিটির সাধারণ তত্ত্বাবধায়ক শেখ আব্দুল লতিফ আল-শেখ ইসলাম মুসলমানদের সেবায় অবদানের জন্য বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, বিশ্বজুড়ে মুসলমানদের যেন স্বাচ্ছন্দ্যে ও মানসিক প্রশান্তির সঙ্গে উমরাহ পালন ও পবিত্র স্থানগুলো জিয়ারত করতে পারেন, সেজন্য সৌদি নেতৃত্ব ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
আল-শেখ আরও বলেন, এই উদ্যোগ মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রতিফলন। একই সঙ্গে এটি বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ধর্মীয় নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর সৌদি আরবের মানবিক ও ধর্মীয় প্রচেষ্টাকেও তুলে ধরে।