দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল ও কলেজ পর্যায়ের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৬ জুলাই পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণে সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, এই পরীক্ষাগুলো আগামী ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এই অফিস আদেশে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাউশির সব অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।