শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ জুন) গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার রাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত ওই কার্যালয়ে ঘটনাটি ঘটে।
স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখতে জড়ো হন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। খেলা শেষে তারা চলে গেলে দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ করে। তারা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ব্যানার-ফেস্টুন বাইরে ফেলে দেয়।
বাজারের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছু পুরোনো চেয়ার ও ফেস্টুন আংশিক পুড়ে যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নই। তবে বিরোধী পক্ষের কেউ জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। থানায় সাধারণ ডায়েরি করা হবে।
গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন বলেন, খবর পেয়েছি। লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।