Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে তাঁরা একান্ত বৈঠক করেন। এরপর হয় দ্বিপক্ষীয় বৈঠক।

বৈঠকের পর উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা–সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ–সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান রওনা দেন। তাঁরা সকাল ৯টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে এসে পৌঁছান। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালেছবি: আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজ

এরপর লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সংবর্ধনা দেওয়া হয়
পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সংবর্ধনা দেওয়া হয়ছবি: পিএমও

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনের প্রবেশপথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান।

পরে উভয় প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় এ বৈঠকে বসেন তাঁরা।

তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমছবি: পিএমও

একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক–আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় হয়।

আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার আবার উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালেশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুই পাশে টাঙানো হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা।

 
একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেনছবি: পিএমও

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গতকাল রোববার স্থানীয় সময় রাত পৌনে নয়টায় কুয়ালালামপুরে পৌঁছান তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। লালগালিচা সংবর্ধনার পাশাপাশি তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটা তাঁর প্রথম প্রথম রাষ্ট্রীয় সফর।