যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি অনলাইন জুয়ার সাইটের প্রচারণামূলক একাধিক পোস্ট প্রকাশিত হয়েছে। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দাবি করে, প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) মন্ত্রণায়ের ফেসবকু আইডিতে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। সকলের প্রতি অনুরোধ, এই সময়ে তাঁর আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা বিভ্রান্ত না হন। এসব কর্মকাণ্ডের দায়ভার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের নয়; বরং এটি তাঁর ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। আইডি পুনরুদ্ধার সম্পন্ন হলেই তিনি আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন। সকলের সহযোগিতা ও সচেতনতা কাম্য।
জানা যায়, প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপনসংবলিত একাধিক পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পর অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভ করা হয়েছে।