ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ডাকসুতে দরকার আওয়ামী লীগ সরকার’ শীর্ষক স্লোগান দিচ্ছেন—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।
তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই দাবিটি একেবারেই সঠিক নয়। ভিডিওতে শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দিচ্ছেন না। এটি মূলত গত ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা ‘আল আমিন সরকার’ নামের এক প্রার্থীর নির্বাচনী প্রচারণার ভিডিও, যা বর্তমানে বিকৃত দাবিতে অপপ্রচার করা হচ্ছে।

আসল ভিডিও ও ফেসবুকের প্রমাণ
ভিডিওটির প্রকৃত উৎস ও সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের মাধ্যমে ‘জাতীয় ছাত্রশক্তি’-র ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকারের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের (২০২৫ সালের) ২৬ আগস্ট প্রকাশিত একটি মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্য এবং শব্দ ধারণের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিভ্রান্তিকর ভিডিওটির নিখুঁত মিল রয়েছে।
স্লোগানের ভুল ব্যাখ্যা ও প্রেক্ষাপট
মূল ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ এবং এর অডিও বা শব্দ শুনলে স্পষ্টভাবে বোঝা যায় যে, শিক্ষার্থীরা ‘ডাকসুতে দরকার আওয়ামী লীগ সরকার’ বলছেন না; বরং তাঁরা উচ্চারণ করছেন— ‘ডাকসুতে দরকার আল আমিন সরকার’। নামের শেষে ‘সরকার’ শব্দটি থাকায় সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ‘আওয়ামী লীগ সরকার’ হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
অতিরিক্ত তথ্য যাচাইয়ে দেখা যায়, গত বছর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকার। তাঁর ব্যালট নম্বর ছিল ০৯। ভাইরাল হওয়া ভিডিওটি মূলত সেই নির্বাচনের সময় তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে করা একটি মিছিল ও প্রচারণার অংশ ছিল।
সামগ্রিক তথ্য-প্রমাণ এবং অডিও বিশ্লেষণ করে এটি শতভাগ নিশ্চিত যে, ভাইরাল হওয়া দাবিটি সম্পূর্ণ সত্য নয়। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী আল আমিন সরকারের পক্ষে দেওয়া একটি সাধারণ নির্বাচনী স্লোগানকে রাজনৈতিক রঙ দিয়ে এবং ভুলভাবে উপস্থাপন করে "আওয়ামী লীগ সরকার" দাবির ট্যাগ লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।