পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামে ছাদের পানি নিষ্কাশনের সময় পা পিছলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাহাদাত হোসেন কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মোঃ জুরবার আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ছাদের উপরে কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তীব্র আঘাতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালালেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃপক্ষ শাহাদাত হোসেনকে নিহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে আকস্মিক এ মৃত্যুর খবরে কদমডাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল জানান, ভবনের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক মেইন লাইন অতিক্রম করায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।