Image description

সিলেটের মাটি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি অবশেষে পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে হবিগঞ্জে দেওয়া ঘোষণা অনুযায়ী, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।

 

আজ বুধবার (১৭ জন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে সেটা সম্ভব নয়। তাই ফ্যামিলি কার্ডের কথা বলেছি, যা নির্বাচনের পরে এক মাস যাওয়ার আগেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার।

 

 

প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন ধরে পত্রিকাগুলো দেখুন। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসাসহ অনেক ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, অনেকের সেই বাজেট পছন্দ হয় নাই। কিছু কিছু মানুষ বলেছে- সেই বাজেট নাকি চানাচুরের মতো। যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা চানাচুর ও গণবিরোধী বলে। যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক তুলে নেওয়া হয়, সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। সকলকে সচেতন হতে হবে। যারা এসব কাজে বাধা দেবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

সরকারের পরিকল্পনা সফল করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না কেউ। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে মিলেমিশে কারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংসের দিকে নিয়ে গেছে।