Image description

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো. আবু জুবায়ের ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আবু জুবায়ের রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একজন পরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও বিতার্কিক হিসেবেও পরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকার বাসিন্দা এবং ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিনের ছোট ভাই জুবায়ের। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় জমে। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

শিক্ষাজীবনে আবু জুবায়ের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। মেধাবী ও ভদ্রস্বভাবের শিক্ষার্থী হিসেবে তিনি শিক্ষক ও সহপাঠীদের কাছে সমাদৃত ছিলেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।