ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলছে। এরই মধ্যে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের ১০০ দিন পার করেছে। কিন্তু এখনো গঠিত হয়নি জাতীয় সংসদের সব স্থায়ী কমিটি। বিভিন্ন মন্ত্রণালয়সংক্রান্ত ৫০টি সংসদীয় কমিটির মধ্যে গঠিত হয়েছে মাত্র আটটি।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদে জাতীয় সংসদকে সরকারি অর্থ কমিটি এবং বিশেষ অধিকার কমিটিসহ বেশকিছু সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষমতা দেয়া হয়েছে। এসব কমিটির কাজ হচ্ছে আইন প্রণয়নসংক্রান্ত প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা, বিল বিবেচনা, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তদন্ত পরিচালনা এবং সঠিকভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে আইন প্রয়োগের বিষয় পর্যালোচনা করা।
সর্বশেষ গত রোববার গঠন করা হয় আইন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ কমিটির সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এ কমিটির সদস্যরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের সদস্য শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান। এছাড়া জামায়াতে ইসলামী থেকে সদস্য হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আবদুল লতিফ। আর এনসিপি থেকে সদস্য হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
একই দিন গঠন করা হয় অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। এ কমিটির অন্য সদস্যরা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালালউদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন। এছাড়া জামায়াতে ইসলামী থেকে সদস্য হয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবদিন। এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এর আগে গত ১০ জুন গঠিত হয় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিএনপির সংসদ সদস্য আবদুল মঈন খানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিএনপির সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রকিবুল ইসলাম, মাইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম ও রাশেদুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রধান হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জমির।
সংসদ কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, কায়সার আহমেদ, শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এসএম জাহাঙ্গীর হোসেন, মো. ওলিউল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও হাসনাত আব্দুল্লাহ।
এছাড়া বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। সদস্য হয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নুরুল ইসলাম, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম।
আর ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি’র সভাপতি করা হয়েছে মো. শাহজাহানকে। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, এএম মাহবুবউদ্দীন, আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, নওশাদ জমির, শাহজাহান চৌধুরী, মো. নুরুল ইসলাম ও আখতার হোসেন।
এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘তিনটি সংসদের অধিবেশনের মধ্যে কমিটিগুলো গঠন করব। এটিই আইন। সেক্ষেত্রে দ্বিতীয় অধিবেশন এখন চলমান। আরো একটি বাকি আছে। এরই মধ্যে ৮-৯টি কমিটি গঠিত হয়েছে। বাকিগুলো করে ফেলব। সবগুলো না হওয়ায় এখনো কোনো ধরনের চ্যালেঞ্জে সংসদ পড়েনি।’