দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ বিষয়ে আজ সোমবার (১৫ জুন) বিকেলের মধ্যেই বিস্তারিত তথ্য ও সরকারের পরবর্তী পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, দিল্লির ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ঠিক কী কারণে এবং কেন এমন পরিস্থিতি তৈরি হলো, এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, তা আজ বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করা হবে।
ভারতের ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’ (আইওআরএ)-এর একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রোববার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের চরম বাধার মুখে পড়েন।
কোনো ধরনের যৌক্তিক কারণ বা ব্যাখ্যা ছাড়াই তাকে দীর্ঘ আড়াই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। এই অশোভন আচরণের প্রতিবাদে এবং নিজের আত্মসম্মান রক্ষায় তিনি শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। প্রটোকল ভেঙে বাংলাদেশের একজন শীর্ষ উপদেষ্টার সঙ্গে ভারতের এমন আচরণ কূটনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে।
শীর্ষনিউজ