কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশইন-এর জন্য আনা নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে তিনদিন পর ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সকাল ১১টার দিকে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক হয়। এরপর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইন-এর চেষ্টা করে বিএসএফ। পরে বাধা দেয় বিজিবি। বিষয়টি নিয়ে সেদিন বিকালে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হলেও বিএসএফ-এর অসহযোগিতার কারণে তা অনুষ্ঠিত হয়নি। পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তে দুই বাহিনীর মধ্যে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে ১২ জনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে হয়।
দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান, মশার উপদ্রব, প্রায় দুই সপ্তাহ গোসলের সুযোগ না পাওয়া এবং তীব্র গরমে পাটখেতে মানবেতর জীবনযাপনের কারণে ১২ জনই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তিন দিন পর আজ তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘বিএসএফ-এর সঙ্গে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।’ সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।