Image description

নতুন অর্থবছরের বাজেটে ঘোষিত পুনরুদ্ধার পরিকল্পনা তখনই সফল হবে, যখন সাধারণ মানুষের খাদ্য ব্যয় কমবে, প্রকৃত আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার (১৫ ‍জুন) রাজধানীতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কী আছে?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি দিয়ে উন্নয়ন বিচার করা যায় না। কৃষি, এসএমই, তৈরি পোশাক ও সেবা খাতে কর্মসংস্থান বাড়াতে না পারলে প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

তিনি বলেন, ‘বর্তমানে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির চেয়ে বেশি হওয়ায় মানুষের প্রকৃত আয় কমছে। একই সঙ্গে কিছু আয়সীমার করদাতার ওপর করের চাপও বাড়তে পারে।’ সামাজিক সুরক্ষা কর্মসূচি ও ভর্তুকি কার্যক্রম আরও কার্যকরভাবে দরিদ্র মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।