Image description

কক্সবাজার শহরে বাসায় ঢুকে সানজিদা আক্তার রেশমী নামে এক নারীকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। খুনে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৯ জুন) রাত দেড়টার দিকে কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ইয়াসমিন আক্তার নামে একজনের নেতৃত্বে কয়েকজন নারী সানজিদার বাসায় ঢুকে পড়েন। সেখানে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সানজিদাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সানজিদার ছেলের চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

 

নিহতের ছেলে সাব্বির জানায়, ঘটনার সময় বাসায় তার মা ও আরও দুইজন পুরুষ উপস্থিত ছিলেন। হঠাৎ একদল নারী এসে তার মায়ের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।

 

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় সানজিদার। তিনি ১২ বছর বয়সী ছেলেকে নিয়ে টেকপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন। এখানকার মুদি ব্যবসায়ী শফিউল আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে ওই ব্যবসায়ীর পরিবারে অসন্তোষ তৈরি হয়। ইয়াসমিন আক্তার ব্যবসায়ী শফিউলের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম নয়ন জানান, চিৎকার শুনে তারা দ্রুত রক্তাক্ত সানজিদাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সানজিদার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায়।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিন নারীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।