আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, তবে সেখানে প্রয়োজনীয় তথ্যের বদলে অস্পষ্ট ও অপ্রাসঙ্গিক বিষয় বেশি ছিল।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আজকের বৈঠকের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের অবস্থান বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি জানান, আদ্-দ্বীন হাসপাতালের জবাব তিনি সন্তুষ্টভাবে গ্রহণ করতে পারেননি এবং বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতকের কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের গাফিলতি, ওয়ার্ডের পরিবেশগত সমস্যা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থায় ঘাটতির কথা উঠে আসে। পরে ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ দেওয়া হয়।
শীর্ষনিউজ