ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। তিনি বলেন, লাইনচ্যুত হওয়া যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করতে নগরীর কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। রিলিফ ট্রেন রেলওয়ে স্টেশন এলাকার কাছাকাছি আসতেই লাইনচ্যুত হয়।
ওসি বলেন, এখন লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনটি উদ্ধারের পরিবর্তে ইঞ্জিন কেটে লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেন উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে বুধবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় রেলক্রসিং পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ওই সময় থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।