রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ডা. মামুনুর রশীদকে বিক্ষোভের মুখে নিজ কার্যালয় ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বুধবার (৩ জুন) সকালে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের একাংশের বিক্ষোভের মুখে তিনি হাসপাতাল প্রাঙ্গণ ছাড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মেডিকেল টেকনোলজিস্ট, নার্স এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা তাঁর পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ডা. মামুনুর রশীদ পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং চিকিৎসকদের সংগঠন ‘স্বাচিপ’-এর সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল। তারা দাবি করেন, তথ্য গোপন করে তিনি পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করে। পরে কড়া নিরাপত্তার মধ্যে ডা. মামুনুর রশীদ কার্যালয় ত্যাগ করেন।
পরে বিক্ষোভকারীরা তাঁর কক্ষের নামফলক সরিয়ে ফেলেন এবং কক্ষটি বন্ধ করে তালা ঝুলিয়ে দেন।
এর আগে ২০ মে প্রথম দফায় তিনি কর্মস্থলে যোগ দিতে গেলে ছাত্রদলের প্রতিরোধের মুখে পড়েন। ২১ মে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করলেও আবারও বিক্ষোভের মুখে পড়লেন।
শীর্ষনিউজ/