বাজেটের একটি বড় অংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়ে যায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অতীতের অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশ ঋণনির্ভর অবস্থায় চলে গেছে এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের বাজেটের একটি বড় অংশ ঋণের সুদ পরিশোধে চলে যায়। বাংলাদেশ যে ঋণনির্ভর অর্থনীতির দিকে যাচ্ছিল, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি।
তিনি বলেন, দেশের অর্থনীতির বর্তমান অবস্থা খুবই খারাপ এবং সরকারের ওপর প্রচুর ঋণের বোঝা রয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেও দেশের সব শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করতে হবে। ঋণের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পরিচালন ব্যয়ও ধীরে ধীরে কমিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে অর্থমন্ত্রী বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে এবং অর্থনীতির সুফল যেন সব নাগরিকের কাছে পৌঁছায়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।