ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বুধবার (৩ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের লোকজন জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
এ সময় আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। মিছিল নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব যাওয়া হবে।
আন্দোলনকারীরা গত সোমবার (১ জুন) ৭ দফা দাবি জানিয়েছেন। সেগুলো হলো-
ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করতে হবে। ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে। লুটপাটের সাথে জড়িত কেউই ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে ১৮ (ক) ধারা বাতিল করতে হবে। এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে। শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এবং ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরোধিতা করে সোমবার সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে বিক্ষোভ শুরু হয়। কর্মসূচির প্রথম দিন সকাল ১০টার আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। পরে আবার অবস্থান নেন আন্দোলনকারীরা।
এই আন্দোলনের কারণে সেদিন দুপুরে ইসলামী ব্যাংক টাওয়ারের পূর্বনির্ধারিত পর্ষদ সভা অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের বাধায় তা হয়নি।
আন্দোলনের কারণে সোমবার দিনেরবেলায় ইসলামী ব্যাংকের নির্ধারিত পর্ষদ সভা সরাসরি অনুষ্ঠিত হয়নি। পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্ষদের পাঁচ সদস্য অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।