Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেয়া হয়নি, তাই বিষয়টি নিয়ে অপেক্ষা করতে হবে।”

বুধবার (০৩ জুন) ঢাকায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এই অর্জন বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এটিকে পররাষ্ট্রনীতির ধারাবাহিক সাফল্য হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণপত্র এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কোন দেশে সফরে যাবেন, তা এখনো নির্ধারণ হয়নি।

এছাড়া এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতে সংঘটিত একটি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার আসামিদের ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

এর আগে বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকে আলাদা আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

শীর্ষনিউজ