Image description

নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এদিকে একই দিন সকাল ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ওই মিছিলের দেড় মিনিটের একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা এ মিছিল বের করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতাকর্মীরা।

এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

তাদের হাতে থাকা ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ছিল। মিছিলটি দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয় বলে জানা গেছে।

 

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।