বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ১০-১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আজ সোমবার ভোরে সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকায় ২১/৬ নম্বর পিলারে এ ঘটনা ঘটেছে— দাবি বাহিনীর।
বিজিবি কর্মকর্তারা বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী— বিএসএফ সীমান্তের কাঁটাতারের একটি অংশ খুলে শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইন করে, ঠেলে দেয় জিরো লাইনে। এ ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিজিবি সদস্যরা পুশ-ইনে বাধা দেন। এখন শিশুসহ ওই দলটি সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে।
যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘জিরো লাইনে অবস্থানরত ব্যক্তিদের বিষয়ে সোমবার বিকালেই দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’