Image description

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের খবরে ক্ষুব্ধ হয়ে আজ সোমবার (১ জুন) সকালে এলাকাবাসী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পোটাইল গ্রামে সজীব নামে এক যু্বককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবেই আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

গ্রেপ্তারের প্রতিবাদে পুটাইল ইউনিয়নের শতাধিক মানুষ থানার সামনে অবস্থান নিয়ে তার মুক্তির দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আব্দুল আলিম নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।