ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির শাহরিয়ার (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহির ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার কালীবাড়ি রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
তার গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায়। মাহিরের বাবা আব্দুল কাইয়ুম রেণু ঈশ্বরগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন মাহির। চরহোসেনপুর এলাকায় মনির ড্রাইভারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোটরসাইকেল কেনার জন্য কয়েক মাস আগে বাবার কাছে জোর দাবি জানিয়েছিলেন মাহির। প্রথমে আপত্তি থাকলেও পরে সন্তানের আবদারের কাছে হার মেনে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে একটি মোটরসাইকেল কিনে দেন বাবা। সেই মোটরসাইকেল কেনার মাত্র চার মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
শোকে ভেঙে পড়া বাবা আব্দুল কাইয়ুম কাঁদতে কাঁদতে জানালেন, ছেলের ইচ্ছা পূরণ করতে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলের কারণেই আমার ছেলের লাশ হাতে নিতে হলো।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।