রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন হাসপাতালটির ওয়ার্ড বয়। এ ঘটনার একটি ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত নুর নবীকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে শুক্রবার দিবাগত রাতে ডেমরা থানায় ভুক্তভোগীর বাবা নুর নবীর বিরুদ্ধে মামলা করেন। ওইদিন বিকালে সারুলিয়া শামসুল হক জেনারেল হাসপাতালে শিশু ধর্ষণ চেষ্টার এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিন্নিরচর গ্রামের মৃত শহীদ শিকারীর ছেলে। সে বর্তমানে শামসুল হক জেনারেল হাসপাতালেই ওয়ার্ড বয় হিসেবে কর্মরত।
ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মানুষের এত বড় নৈতিক অবক্ষয় কিছুতেই মেনে নেওয়া যায় না। আর হাসপাতালে আড়াই বছরের একটি মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করা কিছুতেই ছাড় দেওয়া যাবে না। তাই ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় আটক নুর নবীকে আদালতে পাঠানো হয়েছে।