রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তার নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা স্মরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো আলোচনার টেবিলে বসে অর্জিত হয়নি; বরং বাঙালি জাতির সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে তা অর্জিত হয়েছে। তিনি দাবি করেন, এ স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় শক্তি হলো সততা ও ত্যাগ। অতীতে রাজনৈতিক প্রতিকূলতার কারণে অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কেউ গৃহহীন হয়ে পড়েছেন, আবার অনেককে কারাবরণ করতে হয়েছে। এসব ত্যাগের কথা স্মরণ রেখে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এমপি এবং নজরুল ইসলাম মণ্ডল এমপি।
আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা এবং দেশের উন্নয়নে তার অবদান নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।
শীর্ষনিউজ