Image description

বগুড়ার গাবতলীতে এক তাঁতী দল নেতার বিরুদ্ধে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। 

গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, বাজার কমিটি নিয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, ২ এপ্রিল ও ১৮ মে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে তেঁতুলগাছি বাজারের দোকান মালিক সমিতির দুটি পাল্টাপাল্টি কমিটি গঠন হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির নাড়ুয়ামালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, গাবতলী উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিকের নেতৃত্বে হামলাকারীরা তার বাড়িসহ বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। 

তিনি দাবি করে এ সময় একটি শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। যুবদল নেতা সাগর হোসেন অভিযোগ করেন, হামলা ঠেকাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। 

তিনি দাবি করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে গাবতলী উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলম ও তার লোকজন বাজারে তার পৈতৃক দোকান দখলের চেষ্টা করেন। এর জের ধরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও পরে বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, বাজার কমিটি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগেও ২-৩ বার এমন ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি।