ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়ায় তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিচারক আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন।
তিতাস টুইন টাওয়ারের কেয়ারটেকার রতন মিয়া জানান, ঈদের ছুটিতে বিচারক ফ্ল্যাট তালা দিয়ে বাড়িতে গেছেন।
সিসি ক্যামেরায় দেখা গেছে, ভোরে তিনজন পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় ওঠেন। পরে ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ করেন। সেখানে দুটি আলমারি ভেঙে সব মালামাল নিয়ে যান তারা। সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা বলেন, বিচারক ছুটিতে থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে। তবে তিনি না থাকায় চুরি হওয়া মালামালের পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।